পঞ্চগড়-১ আসনের এনসিপি নেতা সারজিস আলমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে মসজিদের খতিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাওলানা আব্দুল জব্বারকে। পঞ্চগড় সদর উপজেলার কুচিয়ামোড় জামে মসজিদে ২০০৮ সাল থেকে তিনি খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ভুক্তভোগী খতিব আব্দুল জব্বারের অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় নির্বাচনের পরদিন তাকে মসজিদে আসতে নিষেধ করা হয়। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ওই প্রতীকের পক্ষে ভোট চেয়েছিলেন।
স্থানীয় মুসল্লি আব্দুল হাকিমের বিরুদ্ধে খতিবকে ফোন করে মসজিদে আসতে নিষেধ করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান বলেন, মতপার্থক্যের কারণে এমন ঘটনা বর্তমান সময়ে অত্যন্ত দুঃখজনক। তবে অভিযুক্ত পক্ষ বলছে, সব মতের মানুষ পেছনে নামাজ পড়ে বলে খতিবকে আগে থেকেই রাজনীতি করতে নিষেধ করা হয়েছিল।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল হালিম জানান, আলোচনার মাধ্যমে রমজানের পর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান, ভোটকেন্দ্রিক ঘটনায় খতিবকে অব্যাহতির বিষয়টি তিনি শুনেছেন এবং এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেবেন।