ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি বিধ্বস্ত, আহত তিন

রংপুরে ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদকে বহনকারী মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এতে ওই গাড়িতে থাকা এমপি মুজাহিদসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের গাড়িটি ওই এলাকায় পৌঁছালে সেখানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া ট্রাক পিছনের দিক দিয়ে সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিধ্বস্ত হয়। এসময় গাড়িতে থাকা সংসদ সদস্যসহ কয়েকজন আহত হন।

পুলিশ জানায় ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় এমপি কিছুটা আহত হলেও তার গাড়ির ড্রাইভারসহ একজন সহযাত্রী গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংসদ সদস্য ড.আতিক মুজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ জানান, সড়কে ট্রাফিক শৃঙ্খলা না থাকার কারণে রংপুর-কুড়িগ্রাম সড়কটি প্রায় নিয়ন্ত্রণহীন থাকে। বেপরোয়া যান চলাচলের কারণে এই দূর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি এবং সংসদ সদস্য আহত হয়েছি। বর্তমানে সংসদ সদস্য সুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন দু্ইজন গুরুত আহত। তারা হলেন- গাড়ির চালক আবুল কালাম আজাদ (৪০) ও সহযাত্রী ইকরাম হোসেন (২৫)।

জেলা এনসিপির যুগ্ম আহবায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি পরিকল্পিত কোনো ঘটনা নয়, এটি সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন দুর্ঘটনা হরহামেশাই ঘটছে। কেউ গুজব ছড়াবেন না। আপনাদের দোয়ায় এমপি সুস্থ রয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।