পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার আকাব্বর খান (৬০)।
স্থানীয়রা জানান, বেলা পৌনে ১২টার দিকে নিজ জমিতে পাট কাটছিলেন মামুন ইসলাম। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। মাঠে থাকা অন্য কৃষকেরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন দুপুরে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন বৃদ্ধ কৃষক আকাব্বর খান। বৃষ্টির মধ্যে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু মুসা বজ্রপাতে আলাদা স্থানে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।