ডোমারে স্লুইসগেট ধস, হুমকিতে শত পরিবার ও কৃষিজমি

নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কাসহ চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় শতাধিক পরিবার।

রোববার (২ আগস্ট) উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্লুইসগেটটির মাধ্যমে হরিডারা নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হতো। রোববার সকাল থেকে গেটটি ধীরে ধীরে নিচের দিকে দেবে যেতে থাকে। এক পর্যায়ে পানি চলাচল বন্ধ হয়ে গেলে স্লুইসগেটের আশপাশে পানির চাপ আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। পরবর্তীতে পাশে ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশ করতে শুরু করলে সংযোগ সড়কের পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দেয় এবং স্বল্প সময়ের ব্যবধানে পুরো স্লুইসগেটটি ধসে পড়ে।

ভাঙনের সময় স্লুইসগেট সংলগ্ন স্থানীয় বিধবা হালিমা বেগমের বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশের কারণেই মূলত এই ভাঙনের সূচনা হয়েছে বলে জানিয়েছেন ডোমার উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম। তিনি বলেন, ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সেখানে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।