কুড়িগ্রামে ধান ক্ষেতে মানুষের কাটা পা, এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের অংশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে চরুয়াতারী এলাকার সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পা অংশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে পায়ের পাশেই একটি রক্তভেজা পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান জানান, সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি কাটা পা উদ্ধার করে। উদ্ধারের সময় পাশে একটি রক্তাক্ত পলিথিন ব্যাগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া খণ্ডিত পাটি কার এবং কীভাবে এই স্থানে এলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।