সুনামগঞ্জে ফেসবুকে ‘কোরআন অবমাননার’ একটি পোস্ট দেওয়ার অভিযোগ সনাতন ধর্মের কিছু মানুষের দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। পোস্ট দেওয়ার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত আটটার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের মংলার গাও গ্রামে এ ঘটনা ঘটে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একটি মিছিল বের হয়। এর কিছুক্ষণের মধ্যে পুলিশ পোস্টদাতাকে আটক করে। এসময় ক্ষুব্ধ লোকজন উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি দোকান ভাঙচুর করে। রাত ১০টার দিকে তারা হানা দেয় ওই তরুণের বাড়িতে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। গ্রামের চার পাশে বসানো হয় নিরাপত্তা চৌকি।
পুলিশের দাবি, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটক তরুণের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।