মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে আরও ২৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী পুরুষ ও শিশুরসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বাড়ি নড়াইল, যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায়। তদের মধ্যে পুরুষ ছয় জন, নারী ৯ জন ও চার শিশু রয়েছে।
অপরদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ছয় জনকে পুশইন করেছে বিএসএফ। ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম জাকারিয়া জানান তাদের স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।