গত ১৫ থেকে ১৬ বছর নির্বাচনের নামে তামাশা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্বাধীনতাকে সুদৃঢ় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে জনসমাবেশে তিনি দেশবাসীর উদ্দেশে এই আহবান জানান।
বিএনপি চেয়ারম্যান বলেন, যে দল পালিয়ে গেছে, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো, কথা বললে গায়েব করে দিতো। তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের অর্থ-সম্পদ, টাকা-পয়সা সব নিয়ে গেছে।
খালেদা জিয়ার আমলের পর মৌলভীবাজারে সব উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছিলো উল্লেখ করে তারেক রহমান বলেন, এসবের উন্নয়ন না করে সংসদে হয়েছে গান। তাই যদি
আগামী দিনে এই অবস্থার পরিবর্তন করতে হয়, স্বাধীনতাকে যদি সুদৃঢ় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেতে হয়, তাহলে ধানের শীষে ভোট দিতে হবে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ক্ষমতার মালিক জনগণ। আমরা দেশের মালিককে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। ‘টেক ব্যাক বাংলাদেশে’র অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। আরও কাজ বাকি।
তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করলে আমরা আমাদের মা, বোনদের ফ্যামিলি কার্ড উপহার দিতে চাই। এই এলাকার বাগানের শ্রমিকদের নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা বা নগদ অর্থ উপহার দিতে চাই।
তিনি বলেন, শুধু পরিবারের নারী নয়, আমরা কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই। যাতে করে তারা সার, বীজ ও ঋণ পাবে। এসব পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব কেবল ধানের শীষে ভোটের মাধ্যমে। পাশাপাশি তিনি বলেন, বিএনপি সরকারে গেলে ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবদের জন্য আলাদা অর্থ সহায়তার ব্যবস্থা করতে চায়।
কোনো রাজনৈতিক দলের নাম নিয়ে তারেক রহমান বলেন, ভোট ডাকাতির দলের মতো আরও একটি দল বিভ্রান্তি শুরু করেছে। তারা আবারও ভোট চুরির প্রক্রিয়া শুরু করেছে।
কয়েকদিন যাবত দেখছি, তারা বিভিন্ন মিথ্যা ও গুনাহের কথা বলছে। এই দলটি মুক্তিযুদ্ধেও দেশের বিরুদ্ধে ছিলো। তারা বলছে, অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, এবার আমাদের দেখেন। আরে ভাই, আপনাদের তো মানুষ একাত্তরেই দেখে ফেলেছে, কী ছিলো আপনাদের ভূমিকা।