কোনো অবস্থাতেই সিলেটে পিছু ছাড়ছে না হামের প্রকোপ। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রিহাম ও নাফসান নামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশু দুটির মধ্যে ১১ মাস বয়সী রিহামের বাড়ি সুনামগঞ্জে এবং আট মাস বয়সী নাফসানের বাড়ি হবিগঞ্জে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। মৃতদের মধ্যে চার জন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা যাওয়া ২০৯ জনের মধ্যে সিলেট জেলার ৮৩ জন, সুনামগঞ্জের ৭৫ জন, হবিগঞ্জের ৩৪ জন এবং মৌলভীবাজারের ১৭ জন রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৫৪৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন এবং এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০৯ জন ভর্তি রয়েছেন। এছাড়া বিভাগের অন্য সরকারি ও উপজেলা হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছেন অনেকে।
গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪২ জন সন্দেহভাজন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এক জানুয়ারি থেকে সাত নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট এক হাজার ১৬৭ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। জেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২১০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।