প্রশ্নপত্র ছাপায় ভুল, কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্রে মুদ্রণজনিত ভুলের (ছাপায় ভুল) কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের পরীক্ষা স্থগিত করার হয়েছে। একঘণ্টা পরীক্ষা চলার পর তা স্থগিত ঘোষণা করা হয়েছে। 

রোববার (৬ নভেম্বর) দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহর স্বাক্ষর করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের নতুন ও পরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনির্বার্যকারণবশত স্থগিত হলো। পরবর্তীতে এ পরীক্ষা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

এদিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমে জানান, প্রশ্নের মুদ্রণজনিত ত্রুটির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের বিকেল শিফটের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিগগির নতুন তারিখ ঘোষণা করা হবে। 

আরও পড়ুন: মানুষের গায়ে হাত দিলে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

উল্লেখ্য, আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে প্রায় ১২ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট এক হাজার ৮৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।


একাত্তর/আরবিএস