র‌্যাগিং ও যৌন নিপীড়নের প্রতিবাদে ছাত্রলীগের পদযাত্রা

সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং ও যৌন নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং এবং যৌন হয়রানি প্রতিরোধ দিবসও চেয়েছেন সংগঠনের নেতারা। 

পদযাত্রা শেষে সমাবেশে, শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর নীতিমালা তৈরির দাবি জানান ছাত্রনেতারা। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিপীড়নের শিকার ফুলপরীকে বেগম রোকেয়ার উত্তরসূরি দাবি করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে যখন সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ণের অভিযোগ আলোচনায়, তখন রোববার বেলা ১২টায় মধুর ক্যান্টিন থেকে টিএসসি রাজু চত্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিপীড়নের ও যৌন হয়রানির বিরুদ্ধে পদযাত্রা করে সংগঠনটি।

পদযাত্রা শেষে এক সমাবেশে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে বছরের একটি দিনকে র‍্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বুলিং প্রতিরোধ দিবস হিসেবে পালনের আহবান জানায় বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, র‍্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য অনেক সমস্যা হচ্ছে। এর জন্য সচেতনতামূলক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে আমরা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে আহবান জানাবো বছরের একটি দিন ঠিক করুন। যে দিনকে ছাত্র সমাজ বুলিং, র‍্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধ দিবস হিসেবে পালন করবে।

ছাত্রলীগ নেত্রীর দেয়া র‌্যাগিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য কুষ্টিয়া ইবি ছাত্রী ফুলপরীকে বেগমকে রোকেয়া, সুফিয়া কামাল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তরসূরি বলে উল্লেখ ছাত্রলীগ সভাপতি বলেন, যারা নিপীড়নের সঙ্গে জড়িত তাদের দলে স্থান নেই।

শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতন ও র‌্যাগিংয়ের ঘটনাকে ‘মর্মান্তিক’ বলেও অভিহিত করেন ছাত্রলীগ সভাপতি। এ ঘটনায় তারা ‘শোকাহত’ বলেও জানান। সাদ্দাম বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই যে, র‌্যাগিং একটি ফৌজদারি অপরাধ, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থি।


ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, হাইকোর্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি হ্যারাসমেন্ট, র‍্যাগিং সেল গঠন করতে হবে। আমরা বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রশাসন রয়েছে আপনারা অ্যান্টি হ্যারাসমেন্ট সেল ও র‍্যাগিং সেল গঠন করুন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত সব প্রতিষ্ঠানকে আলটিমেটাম দিতে চাই আপনারা অতি দ্রুত অ্যান্টি হ্যারাসমেন্ট সেল ও অ্যান্টি র‍্যাগিং সেল গঠন করুন। যদি এটি করা না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

আরও পড়ুন: বিএনপি নির্বাচন না এলে আইসিইউতে যাবে: কাদের

সমাবেশ থেকে র‌্যাগিং ও যৌন হয়রানির মতো ঘটনাকে ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে অভিহিত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ছাত্রলীগের নেতারা। এই কর্মসূচি উপলক্ষে রোববার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় জড়ো হন বিভিন্ন হল ও আশপাশের কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা।


একাত্তর/এসি