প্রাথমিকের পর আগামী রোববার থেকে খুলবে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
অফিস আদেশের অনুলিপি ইতিমধ্যে ইউজিসি, দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভিসি, কারিগরি, মাদ্রাসা বোর্ডের মহাপরিচালকসহ সবাইকে পাঠানো হয়েছে।
এর আগে প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলেছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো।
কোটা আন্দোলনে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে গত ১৭ জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অন্যান্য কার্যক্রম চললেও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।