‘ঘৃণার প্রতীক’ হাসিনার সেই ছবি আবার আঁকা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে পতিত শাসক শেখ হাসিনার মুছে ফেলা গ্রাফিতি আবারো আঁকা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে এটি আঁকা হয়।

বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ওই ছবি আঁকা হয়েছিলো। গণঅভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্টে সরকার পতনের পর শেখ হাসিনার ওই ছবিতে লাল রঙের ছোপ দিয়ে তাতে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। ছবিটি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হয়ে ওঠে।

শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ছবিটি মুছে ফেলা হলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

পরে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

hasina1

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ডিসেম্বর দিনগত গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। জুলাই আন্দোলনে এই দুটি গ্রাফিতি বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই স্মৃতিকে তাজা রাখা এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এটি প্রক্টরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শিক্ষার্থীরা মুছে ফেলা গ্রাফিতি অতিদ্রুত সময়ের মধ্যে এঁকেছেন। এ স্তম্ভটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘৃণা স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে।