সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া ছয় দফা দাবির বিষয়ে দুপুরেই শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসছেন ছাত্র প্রতিনিধিরা। তাই পূর্ব নির্ধারিত রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল করে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৈঠকে সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নতুন কর্মসূচি দেবেন তারা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কারিগরি ছাত্র-আন্দোলন বাংলাদেশের সেল সম্পাদক মো. সাকিব আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে বৈঠকে অংশগ্রহণ করবে কারিগরি ছাত্র-আন্দোলন। সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সিদ্ধান্তক্রমে বৈঠক চলাকালীন রেলপথ ব্লকড কর্মসূচি শিথিল থাকবে।
বৈঠকের ওপর ভিত্তি করে সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পরবর্তী কর্মসূচি প্রকাশ করা হবে।
এদিকে শিক্ষার্থীদের ৬ দফা দাবির আন্দোলনের মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে বদলি করা হয়। তাকে দায়িত্ব থেকে সরিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।