রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫) নিহত হয়েছেন। সাম্য ঢাবির আই,আর ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে।
মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকের এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এক ছাত্র খুন হয়েছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, রাতে বন্ধুরা শাহরিয়ারকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে নিহতের সহপাঠী আশরাফুল ইসলাম রাফি ও তার আরেক বন্ধু আবাবিল আহমেদ বিশাল বলেন, রাতে মোটরসাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এসময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায় ওই মোটরসাইকেলের আরোহী। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়।