ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের (ডাকসু) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ১৮টি হলে ১৩টি পদে মোট ১০৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে মোট ১১০৯টি মনোনয়নপত্র জমা পড়ে।
বুধবার (২৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৫৯ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২ জন, জগন্নাথ হলে ৫৫ জন, ফজলুল হক মুসলিম হলে ৫৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন, রোকেয়া হলে ৪৫ জন, সূর্যসেন হলে ৭৫ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০ জন, শামসুন নাহার হলে ৩৫ জন, কবি জসীম উদ্দীন হলে ৬৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩ জন, শেখ মুজিবুর রহমান হলে ৫৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬ জন, অমর একুশে হলে ৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৩৮ জন, বিজয় একাত্তর হলে ৬৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জন রয়েছেন।
প্রার্থিতা প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন, কবি সুফিয়া কামাল হলে দুইজন, ফজলুল হক মুসলিম হলে ছয়জন, অমর একুশে হলে পাঁচজন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে পাঁচজন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছয়জন, কবি জসীম উদ্দীন হলে একজন, হাজী মুহম্মদ মুহসীন হলে পাঁচজন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১১ জন, স্যার এ এফ রহমান হলে পাঁচজন, সূর্যসেন হলে চারজন, বিজয় একাত্তর হলে ৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ৯ জন, জগন্নাথ হলে চারজন এবং শামসুন নাহার হলে একজন।