ঢাবিতে ‘গণধর্ষণে’র হুমকিদাতার শাস্তি চায় ছাত্রদল-ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী নিপীড়ন এবং দেশব্যাপী নারী শিক্ষার্থীদের ওপর সাইবার নিপীড়নের অভিযোগে উত্তেজনা বিরাজ করছে। ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত।

ওই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে। ছাত্রদল এই হুমকির জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে এবং অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তি দাবি করেছে।

তারা দাবি করেছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিংয়ের জন্যও শিবির দায়ী।

অন্যদিকে, ছাত্রশিবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা দাবি করেছে, অভিযুক্ত শিক্ষার্থী তাদের সংগঠনের সদস্য নয় এবং এটি শিবিরের বিরুদ্ধে একটি অপপ্রচার।

ছাত্রশিবির উল্টো অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থী নিজেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করে ক্ষমা চেয়েছেন।

এই উত্তেজনার মধ্যেই ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে, তবে নারী প্রার্থীকে হুমকির ঘটনা নির্বাচনী পরিবেশে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।