ঢাবিতে ভাসমান দোকানে চাঁদাবাজির অভিযোগে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

ছাত্রদল ও ছাত্রশক্তির কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ‘হলপাড়া’ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘চাঁদাবাজের ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না’ বলে স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, বহিরাগতদের ব্যবহার করে ক্যাম্পাসে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবেশ তৈরি করা হয়েছে। এ সময় তারা অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

অন্যদিকে, একই স্থানে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। তাদের দাবি, নির্দিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে আনা এই চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এটি পরিকল্পিত ‘মব ভায়োলেন্স’-এর অংশ।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ডাকসুর ব্যানার ব্যবহার করে একটি পক্ষ ক্যাম্পাসে মব সংস্কৃতি চালু করার চেষ্টা করছে।

তারা আরও দাবি করেন, দোকান উচ্ছেদের নামে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।