বাংলাদেশে শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো পর্যালোচনায় ১২ দিনের সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফারিদা শহীদ। সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হয়ে তার এই সফর চলবে চার ডিসেম্বর পর্যন্ত।
সফরকালে তিনি ঢাকা, বান্দরবান ও সিলেট অঞ্চল সফর করবেন এবং বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফারিদা শহীদের এই পর্যালোচনায় সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন ও মানসম্মত সরকারি শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া শিক্ষা খাতে অর্থায়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের উত্থাপিত অন্য গুরুত্বপূর্ণ বিষয়ও খতিয়ে দেখবেন তিনি।
আগামী চার ডিসেম্বর সফর শেষে তার প্রাথমিক পর্যবেক্ষণে বাংলাদেশের শিক্ষা খাতের সামগ্রিক অগ্রগতি ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক উঠে আসবে বলে আশা করা হচ্ছে।