রমজানে হাই স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

পুরো রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। পরে তিনি বলেন, এই আদেশের ফলে রমজানে মাধ্যমিক স্কুল খোলা রাখতে আর কোনো আইনি বাধা থাকলো না।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) রমজান উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশের সব হাই স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিলো।

চেম্বার আদালতের আজকের এই স্থগিতাদেশের ফলে হাইকোর্টের দেওয়া আগের নির্দেশটি আপাতত কার্যকর থাকছে না। অর্থাৎ, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রমজানেও নির্ধারিত সময় পর্যন্ত স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।