একাদশে শ্রেণিতে নিবন্ধন শুরু ১২ নভেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী ১২ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৬ নভেম্বর। বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ([https://xiclassadmission.gov.bd] (https://xiclassadmission.gov.bd))-এ প্রবেশ করতে হবে। এরপর নিজ নিজ কলেজের ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আগামী ২৬ নভেম্বর বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে শেষ করতে হবে।

বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে, পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার জন্য সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ কোনো দায় নেবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কলেজগুলোকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উক্ত পরীক্ষায় সারা দেশে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।