যৌন হয়রানিতে অভিযুক্ত নাদিরকে ছুটিতে পাঠালো ঢাবি

এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের দায়ে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক নাদির জুনাইদকে সব রকমের শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিভাগের চেয়ারম্যান আবুল মনসুর আহমেদ এ তথ্য জানিয়েছেন।

যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগে অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভাগের শিক্ষার্থীরা।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম নম্বর দেয়ার অভিযোগের মধ্যেই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকনাদির জুনাইদের বিরুদ্ধে ‘যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ তোলেন এক নারী শিক্ষার্থী।

এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম নম্বর দেয়ার অভিযোগ তুলে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি ব্যাচের ২৮ শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরীক্ষার ফল খারাপ করিয়ে দিয়েছেন এই শিক্ষক।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের সিজি ও পরীক্ষার ফলাফল শিক্ষকদের হাতে। ওই শিক্ষকের সাথে গোপন সম্পর্ক না রাখলে নারী শিক্ষার্থীদের পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখাতেন। হয়ত অতীতে ওই শিক্ষকের কাছে একই ধরনের নিপীড়নের শিকার হয়েছেন আরও অনেক নারী শিক্ষার্থী। তার সাথে ক্লাস করা অস্বস্তিজনক।

তারা আরো বলেন, একজন সাহস করে তার নিপীড়নের কথা জানিয়েছে। অনেকেই সামাজিক মর্যাদার ভয়ে নিজের সাথে হওয়া নিপীড়নের কথা প্রকাশ করে না।তাদের বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনে উদ্যোগ নিতে হবে।