চলতি অধিবেশনেই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনে উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সংসদ অধিবেশনেই সংশোধিত আইনটি উত্থাপনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা কার্যক্রম চালুর সুযোগ তৈরি করতে চায় সরকার। পাশাপাশি কিউএস র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০০-এর মধ্যে থাকা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিমধ্যে কয়েকটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনায় আগ্রহ দেখিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য বাংলাদেশকে একটি আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষ শুরুর আগেই চলতি বছরের ২৪ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণের যাবতীয় প্রস্তুতি রয়েছে সরকারের।