একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে : ড. মামুন

বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সাথে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান ও গবেষণা ফলাফলকে শিল্পে রুপান্তরের মাধ্যমে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ‘The Role of Academia-Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক ড. মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যে তাত্ত্বিক জ্ঞান অর্জন করে, কর্মক্ষেত্রে তার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার প্রয়োজন হয়। শিল্পপ্রতিষ্ঠানগুলো যে ধরনের দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট চায়, বিশ্ববিদ্যালয়গুলো অনেক ক্ষেত্রেই সেই চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে পারছে না। এ ব্যবধান দূর করতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন জোরদার করা প্রয়োজন।

কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। ফলে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পরও চাকরির বাজারে প্রত্যাশিত দক্ষতা নিয়ে প্রবেশ করতে পারছেন না। এ পরিস্থিতি পরিবর্তনে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।

দেশের বেকারত্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ ২০ হাজার। এই বিপুলসংখ্যক কর্মপ্রত্যাশী মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে উচ্চশিক্ষিত তরুণদের জন্য কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, বাস্তব কাজের অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতাও চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ তৈরি করা যেতে পারে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পেশাজীবীরা নির্দিষ্ট সময় অন্তর বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের পাঠদান, অভিজ্ঞতা বিনিময় ও কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা সম্পর্কে ধারণা দিতে পারেন। এতে শিক্ষার্থীরা পড়াশোনার সময় থেকেই শিল্পপ্রতিষ্ঠানের কাজের ধরন, প্রযুক্তি, ব্যবস্থাপনা এবং নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে জানতে পারবেন।

ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরে ইউজিসি সদস্য বলেন, শিক্ষার্থীদের জন্য শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে ইন্টার্নশিপ কার্যক্রম যুক্ত করা গেলে শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশে কাজ শেখার সুযোগ পাবেন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোও নিজেদের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল খুঁজে পাবে। ফলে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং নিয়োগদাতাদের দক্ষ জনবল পাওয়ার ক্ষেত্রে যে ব্যবধান রয়েছে, তা কমে আসবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যৌথ গবেষণা করতে পারেন। গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে প্রয়োগ করা গেলে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি শিল্পের উৎপাদনশীলতাও বাড়বে। এ ধরনের সহযোগিতা উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং দেশের শিল্পায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালাম আকন্দ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলী, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লে. (অব.) মো. আবু বকর সিদ্দিক, পরিচালক এ.কে.এম. মাহফুজুর রহমান বাপ্পী এবং মাজেস্টো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইঞ্জিনিয়ার ইসহাক রনি।

এর আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অংশ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।