অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ‘ইনোভেশন হাব’ ভবনের উদ্বোধন

প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণ উদ্যোক্তা বিকাশের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) নির্মিত ‘এডাস্ট ইনোভেশন হাব’ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Atis University 02
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী উচ্চশিক্ষার সঙ্গে গবেষণা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেবল প্রচলিত পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণার সক্ষমতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও দক্ষতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন স্মৃতিচারণ করে প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. আনোয়ারা বেগমের অবদান ও স্বপ্নের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনে এডাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইনোভেশন হাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত বিকাশে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Atis University 01
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জাকির হোসেন উল্লেখ করেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতায় সমৃদ্ধ করাই বর্তমান বিশ্বের উচ্চশিক্ষার অন্যতম চ্যালেঞ্জ। এডাস্ট ইনোভেশন হাব সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ, যার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় ও নতুন ধারণা সৃষ্টির সুযোগ আরও সম্প্রসারিত হবে।

ইনোভেশন হাব ভবনের নির্মাণ, অবকাঠামোগত পরিকল্পনা ও সম্ভাবনা তুলে ধরে পরিচিতিমূলক বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং ভবন নির্মাণ ও সমন্বয় কমিটির আহ্বায়ক ড. ইঞ্জিনিয়ার জাবের আহমদ। সিএসই বিভাগের কো-অর্ডিনেটর ও কমিটির সদস্য রাফিদ মাহমুদ হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মো. সিরাজুল হক চৌধুরী ও কামরুন নেহার, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইউজিসির সাবেক পরিচালক (পরিকল্পনা) মাকসুদুর রহমান ভূঁইয়া। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (অর্থ), বিভিন্ন অনুষদ ও বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।