অর্ণব যেতে না যেতেই সাগরে নতুন লঘুচাপ

মাত্র দুদিন আগে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানা অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়ে ছত্তিশগড় ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। অর্ণবের প্রভাবে গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরেছে।

এর মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর ফলে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলেছে। তবে সেই ঝড়ের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হয়ে এগিয়ে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত নতুন লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে।

এর প্রভাবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর ১টা পর্যন্ত রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪ মিনিটে।