ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগে স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীসহ সারাদেশে যে হারে ডেঙ্গু রোগী বেড়ে চলছে তাতে উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এমন উদ্বেগের কথা জানিয়ে বলেছেন, ডেঙ্গু রোগী আরও বৃদ্ধি পেলে সংকটে পড়তে হবে।

রোববার দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। অধ্যাপক খুরশীদ আলম বলেন, উদ্বেগজনকভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা চিকিৎসা দিচ্ছি, দেবো, কিন্তু যদি রোগীর সংখ্যা বাড়তেই থাকে, তাহলে সংকটে পড়বো। এখনও কোন সংকট নেই।

দেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ঢাকায় সবচেয়ে বেশি রোগী ভর্তি আছেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তারপরে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

তিনি জানান, মুগদা হাসপাতালে শয্যা সংখ্যা ৫০০, কিন্তু সেখানে রোগী ভর্তি আছেন ৬০০। তাহলে বুঝতেই পারছেন বাকি রোগীরা কীভাবে আছেন! আমরা অতিরিক্ত কিছু শয্যার ব্যবস্থা সেখানে করেছি। সেই অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করছি চিকিৎসা দিতে।

হাসপাতালটির আশেপাশের এলাকা- শনির আখড়া, যাত্রাবাড়ী, সবুজবাগ, কদমতলী, বাসাবো, মুগদা থেকে শুরু করে রামপুরা পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। এই তথ্য জানিয়ে ডা. খুরশীদ আলম বলেন, এসব এলাকার রোগীরা মুগদা হাসপাতালে চিকিৎসার জন্য স্বাচ্ছন্দ্যবোধ করছে। রোগীরা রাজি না থাকায় তাদেরকে অন্য হাসপাতালে নেয়া যাচ্ছে না। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অন্যান্য হাসপাতালে শয্যা খালি ছিলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শয্যা সংখ্যা ধীরে ধীরে ভরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে, উদ্বেগজনকভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা চিকিৎসা দিচ্ছি, দেবো, কিন্তু যদি রোগীর সংখ্যা বাড়তেই থাকে, তাহলে সংকটে পড়বো। এখনও পর্যন্ত আমাদের কোনও সংকট নাই।

আরও পড়ুন: বিএনপির রাজনীতি ধ্বংসের শেষ প্রান্তে: কাদের

ডা. খুরশীদ আলম বলেন, ঢাকাসহ সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর ভয়াবহ সংক্রমণ পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্যবিষয়ক হেলথ ইমারজেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় এখনো আসেনি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১০০ জনে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৬২৩ জন।


একাত্তর/আরবিএস