২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৭৯ জনে। এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৫৮ জন। 

শনিবার ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরটি জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮৫ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৭৩ জন। মৃতদের মধ্যে আট জন ঢাকার, সাত জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে সাত অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ২০ হাজার ৮২২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭ হাজার ৫৮২ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৩৩ হাজার ২৪০ জন।

বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৯২১ এবং ঢাকার বাইরে ছয় হাজার ২৫৯ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১০ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩ হাজার ৯৮৭ জন এবং ঢাকার বাইরের এক লাখ ২৬ হাজার ৫৮৫ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৫ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন আট হাজার ৯২১ জন। ভর্তির হার চার শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।