ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লো, কমেছে হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টা দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে এদিন কমেছে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, এদিন ডেঙ্গুতে মারা গেছে সাত জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন।

এর আগে বৃহস্পতিবার ডেঙ্গুতে দুই জনের মৃত্যু ও ৬৪৩ জন হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরটি জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৪ জন ও ঢাকার বাইরের ১৮৭ জন। মৃতদের মধ্যে চার জন ঢাকার, তিন জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আট ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৬ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ আট হাজার ৮১৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন দুই লাখ সাত হাজার ৫৯৩ জন।

বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫১৫ এবং ঢাকার বাইরের এক হাজার ৭৬৯ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১২ হাজার ৩৭৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ সাত হাজার ২৫০ জন এবং ঢাকার বাইরের দুই লাখ পাঁচ হাজার ১২৭ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৯ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৩৮৪ জন। ভর্তির হার এক শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।