করোনার সংক্রমণ বাড়ায় বিশেষ স্বাস্থ্য সতর্কবার্তা

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। 
এতে আরও বলা হয়েছে, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

উল্লেখ্য, এরিমধ্যে কোভিড আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে দেড় বছরের মধ্যে কোভিডে মৃত্যুর প্রথম ঘটনা এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, ৮২ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকার লালবাগের বাসিন্দা ছিলেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার সকাল ৭টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২১টি নমুনা পরীক্ষা করে তিন জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

বাংলাদেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

২০২৪ সালে এই রোগে কেউ মারা যাননি। ২০২৩ সালে ৩৭ জন, ২০২২ সালে ১৩৬৮ জন রোগী মারা যান।