করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬

দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন ২৬ জনসহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। অন্যদিকে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চারজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে।

এর আগে শুক্রবার (১৩ জুন) করোনা ভাইরাসে দুইজনের মৃত্যুর তথ্য জানানো হয়। তবে শনিবার কারও মৃত্যু হয়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য জানানো হয়।