চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৫৯ জন। এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছর এখনো ডেঙ্গুতে মৃত্যু হলো ২৫৯ জনের।
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১২৬ জন বরিশালের, ১০৪ জন চট্টগ্রামের, ঢাকার ৩৫১ জন, খুলনার ৩১ ও ময়মনসিংহের ৪৭ জন।
শুক্রবার ৪৬৮ রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৪৩০ জন পুরুষ ও ২২৯ জন নারী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮ হাজার ২৯৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৬ হাজার তিন জন।
২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। একইসময়ে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন।
দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।