হামের উপসর্গে গেলো ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ছয়জন শিশু মারা গেছে। মৃত শিশুদের মধ্যে কারও হাম শনাক্ত হয়নি।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৪১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫০ হাজার ৫০০ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৫৬৫ জন, রাজশাহী বিভাগে ১৭৫ জন, রবিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, সিলেট বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৯৭ জন এবং রংপুর বিভাগে ২৭ জন।
একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৮ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৯৩৭ জন।
১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত হাম রোগে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।
এ পর্যন্ত নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ছয়জনসহ এখন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে ৩৫০ জনের মৃত্যু হয়েছে।