সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। চলমান এই প্রাদুর্ভাবে এ নিয়ে গত দুই মাসে মোট মৃত্যু ৪৫১ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক হাজার ১৯২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১১ জন। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৩ জনে।
এদিকে গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ৪১৬ জন।
এই সময়ের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আট জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে আরও চার শিশু। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যুর সংখ্যা ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৭৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৪ জন। অর্থাৎ এই সময়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫১ জনে।