হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১।  

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানিয়েছে, হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে হামে আর তিন শিশুর হামের উপসর্গ নিয়ে। 

শেষ ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ২৭০। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৩০ জন। গত ২৪ ঘণ্টায় ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৭৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২৩৪ ও বরিশালে ১৩৩ জন। নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগে সংখ্যা সবচেয়ে বেশি, ১০৬ জন।