হাম উপসর্গে সাত মৃত্যুর দিনে মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২১০ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫২টি শিশু।

বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০ হাজার ১৫৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৯ হাজার ১৯১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৫ হাজার ৯৪২টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯০ ও এর উপসর্গ নিয়ে ৫১১টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৬০১।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫২৬ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২১৫ জন) ও বরিশাল (১৫২ জন)।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- ঢাকায় ৫২৬, রাজশাহীতে ৮৪, বরিশালে ১৫২, চট্টগ্রামে ২১৫, ময়মনসিংহে ৬৮, সিলেটে ৬১, খুলনায় ৮৩ ও রংপুরে ৩১টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত চার  ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।