সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
সোমবার (২০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৬৯৮ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ জন প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৯৩ জন মারা গেছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন হামে আক্রান্ত হয়েছেন, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২২। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা এক লাখ এক হাজার ২৬ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৯৭ হাজার ৫৩২ জন।