হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭০২ জনের এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা ৭৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৩০ জন শিশু এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৮ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১৯ হাজার ৪৪৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮ জন। 

একই সময়ে অর্থাৎ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ দুই হাজার ২৪৪ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৪১১ জন।