সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮ জন।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৮২৩ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ হাম ও হামের উপসর্গে এই সময়ে মোট ৯২২ জন মারা গেছেন।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৭ জন হামে আক্রান্ত হয়েছেন, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৩১।
একই সময়ে ৭৮৭ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৭১১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ২৭ হাজার ৭৬ রোগী, যাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৮০৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।