সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৮ জন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৮৩৪ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ হাম ও হামের উপসর্গে এই সময়ে মোট ৯৩৩ জন মারা গেছেন।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১৩১ জন হামে আক্রান্ত হয়েছেন, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৯৭। এই সময়ে এক হাজার ২৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৫০৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৩০ হাজার ৬০৯ রোগী, যাদের মধ্যে এক লাখ ২৫ হাজার ৯৭৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।