হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচমৃত্যু, মোট ৯৫৫

দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হলো।  

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এই পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বাসিন্দা। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে নতুন করে কারও মৃত্যু হয়নি।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮৫৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৯ জন।  

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৫৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট এক লাখ ৫৩ হাজার ৬৯২ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হলো। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ৭৫ জন, যা মিলিয়ে এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৬ জনে।  

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত সাড়ে পাঁচ মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৪ হাজার ৪৩৭ জন রোগী। তাদের মধ্যে এক লাখ ২৯ হাজার ৪৮৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।  

গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।