দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১১০ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৬১ শিশু। এছাড়া পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হয়ে হামে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত হয়ে মোট ৯৬০টি শিশুর মৃত্যু হলো।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ৭০ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১১০ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দেওয়ায় ১৫ মার্চ থেকে মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৫ হাজার ৪৭৩ জন রোগী। চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে ইতিমধ্যে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
দেশে গত ৪ মে ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭টি শিশু এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।