হাম উপসর্গে একদিনে আরও দুইজনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জন মারা গেছেন আর হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে এক হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৬৬ হাজার ৪৬১ জনের শরীরে।

একই সময়ে ৭৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে ১৯ হাজার ৮৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৩ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এর পরে রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১৫৬ জন। এ ছাড়া বরিশালে ৫৭, চট্টগ্রামে ৬৫, খুলনায় ৩৭, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ৯২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।