গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি ঘটেছে কেবল গত সেপ্টেম্বরে—এক মাসেই মারা যান ১৪৮ জন। এছাড়া চলতি অক্টোবরের প্রথম তিন দিনেই প্রাণ হারিয়েছেন ১৭ জন। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে দুই হাজার ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪৫৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৮০ হাজার ৩৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮১৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন, খুলনা বিভাগে ৩৩০ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন এবং রংপুর বিভাগে ৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।