দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জনের প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে দেশের এই সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরা হয়। এতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ওই ৫ জন মারা গেছেন, যার মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪২ জন রোগী।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে- ৫৮৭ জন। এছাড়া চট্টগ্রামে ২৯২ জন, সিলেটে ১৩৬ জন, বরিশালে ১২৩ জন, খুলনায় ৭৩ জন, ময়মনসিংহে ৬৯ জন, রাজশাহীতে ৪০ জন এবং রংপুর বিভাগে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
একই সময়কাল অর্থাৎ ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩ হাজার ১৫৭ জন।