ধূমপায়ী নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি ৪০ শতাংশ বেশি

ধূমপায়ী নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি অধূমপায়ী নারীদের তুলনায় ৪০ শতাংশ বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে তামাকের ব্যবহার পুরুষের প্রজননস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে এবং চিকিৎসা পদ্ধতিতে সন্তান ধারণের সাফল্যের হারও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

তামাক ও বন্ধ্যাত্ব নিয়ে প্রকাশিত সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে নারী ও পুরুষ উভয়ের প্রজনন সমস্যার সঙ্গে ধূমপানের এই সরাসরি যোগসূত্র তুলে ধরা হয়েছে।

২০০০-২৬ সালের মধ্যে পরিচালিত বিভিন্ন গবেষণার পদ্ধতিগত পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে ধূমপান করেন এমন নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি ৪০ শতাংশ বেশি। এমনকি যাঁরা নিজেরা ধূমপান করেন না কিন্তু পরোক্ষ ধূমপানের সংস্পর্শে থাকেন, সেই নারীদেরও বন্ধ্যাত্বের ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

সংস্থাটি সতর্ক করেছে, প্রচলিত সিগারেটের পাশাপাশি ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট), সিসা এবং অন্যান্য তামাক ও নিকোটিনজাত পণ্যও প্রজননস্বাস্থ্যের জন্য একই ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, যদিও এসব বিকল্প পণ্যের প্রভাব নিয়ে গবেষণা এখনো সীমিত।

৬০ হাজারের বেশি পুরুষের ওপর পরিচালিত ৪৪টি গবেষণার পৃথক পর্যালোচনায় দেখা গেছে, ধূমপানের কারণে পুরুষদের যৌন অক্ষমতা (ইরেকটাইল ডিসফাংশন), বীর্যপাতের জটিলতা, শুক্রাণুর গতিশীলতা কমে যাওয়া এবং শুক্রাণুর অস্বাভাবিক গঠনের মতো প্রজনন সমস্যা দেখা দেয়।

এছাড়া যেসব দম্পতি সন্তান লাভের আশায় ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)-সহ অন্যান্য আধুনিক চিকিৎসা গ্রহণ করছেন, তাঁদের ক্ষেত্রেও ধূমপান বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ২১টি গবেষণার তথ্যে দেখা গেছে, ধূমপানের কারণে কৃত্রিম প্রজনন চিকিৎসায় গর্ভধারণ ও জীবিত সন্তান জন্মদানের হার কমে যায় এবং কিছু ক্ষেত্রে চিকিৎসার সাফল্যের সম্ভাবনা প্রায় অর্ধেকে নেমে আসতে পারে।

প্রতিবেদনে আশার কথা শুনিয়ে বলা হয়েছে, ধূমপান ছেড়ে দিলে গর্ভধারণের সম্ভাবনা আবার বাড়তে শুরু করে। যাঁরা আগে ধূমপান করতেন কিন্তু পরবর্তীতে তা ছেড়ে দিয়েছেন, সেই নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি নিয়মিত ধূমপায়ীদের তুলনায় ২৫ শতাংশ কম পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাকমুক্ত উদ্যোগের মেডিকেল অফিসার ডা. কার্স্টিন শটে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন এমন দম্পতিদের সামগ্রিক ও প্রজননস্বাস্থ্য রক্ষায় ধূমপান ত্যাগের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে প্রজননক্ষম বয়সের প্রতি ছয়জনের একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে বন্ধ্যাত্বের শিকার হন (১২ মাস বা তার বেশি সময় নিয়মিত অরক্ষিত শারীরিক সম্পর্কের পরও গর্ভধারণে ব্যর্থতা)।

এ অবস্থায় নারী-পুরুষ উভয়ের প্রজননক্ষমতা সুরক্ষায় প্রজনন স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ধূমপান ত্যাগের পরামর্শ ও বিজ্ঞানভিত্তিক সহায়তা যুক্ত করার জন্য চিকিৎসকদের প্রতি জোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তথ্যসূত্র: গাফল নিউজ