ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুই মৃত্যু, হাসপাতালে ১৩৬৭ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার ৩৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ারো ৫২০ জনে এবং মোট ভর্তি রোগী এক লাখ ৭৪ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।   

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।   

প্রতিবেদন অনুযায়ী, এক জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক লাখ ৬৯ হাজার ৩৯১ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চার হাজার ৯২৯ জন।   

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬৩০ জন, এবং এ বিভাগে একজনের মৃত্যুর তথ্য এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন (একজনের মৃত্যু), রাজশাহী বিভাগে ১৬০ জন, বরিশাল বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।   

বছরের শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু ও আক্রান্তের হিসাবে ঢাকা বিভাগ সবার ওপরে রয়েছে। ঢাকা বিভাগে মোট ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪৩ জন এবং মারা গেছেন ২৬২ জন। অন্য বিভাগগুলোর মধ্যে খুলনায় ৮৮ জন, ময়মনসিংহে ৮০ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেটে ৮ জনের মৃত্যু হয়েছে।   

প্রতিবেদনে ঢাকা মহানগরের আলাদা পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ঢাকা মহানগরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৭৭ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছেন।   

গত এক জানুয়ারি থেকে এ পর্যন্ত ঢাকা মহানগরে মোট ৩৭ হাজার ৩৩৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৯৬১ জন। এ সময়ে ঢাকা মহানগরে ২২৮ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৪৯ জন।   

ঢাকা মহানগরের বাইরের বিভিন্ন জেলার পরিসংখ্যানেও মৃত্যুর চিত্র উঠে এসেছে। এর মধ্যে ফরিদপুর জেলায় মোট মৃত্যু ১৩ জন, টাঙ্গাইল জেলায় ১২ জন এবং গাজীপুর জেলায় চারজন মারা গেছেন। এছাড়া খুলনা জেলায় ৬৮ জন, বাগেরহাটে সাতজন, চট্টগ্রাম জেলায় ৪৫ জন, কক্সবাজারে দুইজন এবং বরিশাল জেলায় ২৯ জনের মৃত্যুর তথ্য প্রতিবেদনে উল্লেখ রয়েছে।