একদিন আগে চলতি বছরের ১৫ মার্চের পর হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিনের তথ্য এসেছিলো। কিন্তু এর ২৪ ঘণ্টা বাদেই এলো চরম দুঃসবাদ। এদিন হাম ও এর উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
একই সময়ে নতুন করে ৮৬টি শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৮৩ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২০৮টি শিশু।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা দুই লাখ ৩১ হাজার ৯৯৯ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২৬ হাজার ৩০০।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ ২৩ হাজার ১৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০৫ ও এর উপসর্গ নিয়ে শিশুসহ এক হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু এক হাজার ৩৬১।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫২৬ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৮৩ জন) ও সিলেট (১৬৭ জন)।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ৩৯, ময়মনসিংহে ৯০, বরিশালে ১৩৮, খুলনায় ১০৭ ও রংপুরে ৩৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ মৃত্যুর খবর আসে।