ডেঙ্গুতে মৃত্যু ৩৫২ ছাড়ালো, আক্রান্ত ১ লাখ ১৪ হাজার

দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরজুড়ে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির  আওতাধীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন এবং ঢাকা উত্তর সিটিতে একজন মারা যান। বাকি একজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগের একটি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এ বছর ডেঙ্গুতে মৃত্যুর গতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।

তবে চলতি অক্টোবর মাসে পরিস্থিতির তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে; মাত্র ১৯ দিনের মাথায় দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০৩ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক চিত্রে দেখা যায়, ডিএসসিসি এলাকায় ২৩১ জন এবং ডিএনসিসি এলাকায় ১৪৮ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৬৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন খুলনা বিভাগে- ২৫৩ জন। এছাড়া রাজশাহীতে ২৩৩, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, রংপুরে ৯৩, ময়মনসিংহে ৯২ এবং সিলেট বিভাগে ২৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৪ হাজার ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৮৬৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।