দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে বা চিকিৎসাধীন অবস্থায় যুক্ত হয়েছেন এক হাজার ৩৫৬ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে একজন, সিলেটে একজন, চট্টগ্রামে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২৭ জনে। এর মধ্যে শুধু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং বাকি এক হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দুই লাখ ২১ হাজার ১৬৪ জনে পৌঁছাল। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন, যা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪০০ জনে।
গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮৮ হাজার ৬৭৪ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর জোর দিচ্ছেন।